গুগলের নির্দেশনা
সতর্কবার্তায় গুগল সবাইকে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন এবং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা (টু–স্টেপ ভেরিফিকেশন) চালুর পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এই ব্যবস্থা চালু করলে হ্যাকাররা শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর মোবাইল বা ডিভাইসে পাঠানো কোড প্রয়োজন হবে, যা সাইবার নিরাপত্তায় অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।
হামলার পেছনে শাইনি হান্টার্স
গুগলের তথ্য অনুযায়ী, কুখ্যাত হ্যাকার দল ‘শাইনি হান্টার্স’ এ হামলার সঙ্গে জড়িত। ২০২০ সাল থেকে তারা নানা কৌশলে ফিশিং আক্রমণ চালিয়ে আসছে। প্রতারণামূলক ইমেইল পাঠিয়ে ভুয়া লগইন পেজে প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, নিরাপত্তা কোড এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। গুগল আশঙ্কা করছে, শিগগিরই এই দল আরও লক্ষ্যভিত্তিক ও ক্ষতিকর সাইবার হামলা চালাতে পারে।
ব্যবহারকারীদের জন্য ঝুঁকি
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জিমেইল শুধু যোগাযোগের মাধ্যম নয়; এর সঙ্গে ব্যাংকিং, অনলাইন কেনাকাটা, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল সেবার অ্যাকাউন্ট জড়িত থাকে। তাই কোনো জিমেইল আইডি হ্যাকড হলে ব্যবহারকারী আর্থিক ও ব্যক্তিগত উভয় ধরনের বড় ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
গুগলের আগের সতর্কতা
এর আগে গত জুনে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছিল, শাইনি হান্টার্স নতুন কৌশলে ডেটা লিক সাইট চালু করে চাঁদাবাজির চেষ্টা করতে পারে। পরবর্তীতে ৮ আগস্ট সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সরাসরি ইমেইল পাঠিয়ে দ্রুত নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি।
এ জাতীয় আরো খবর..